গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস, অ্যানথ্রোপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং এআইর ‘গডফাদার’ ইয়োশুয়া বেঞ্জিও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাসাবিস সতর্ক করে বলেছেন, এআই মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে, যা অপরাধী বা অপকর্মে লিপ্ত গোষ্ঠীর হাতে গেলে সভ্যতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ওপেন সোর্স মডেলের সহজলভ্যতা এ উদ্বেগকে আরো বাড়িয়েছে।
অ্যানথ্রোপিকের আমোদেই এআইর সম্ভাব্য ব্যবহার নিয়ে কর্তৃত্ববাদী সরকারের প্রতি শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, অন্যায় উদ্দেশ্যে এআই ব্যবহারের ফলে মারাত্মক পরিণতি হতে পারে। এদিকে, বেঞ্জিওর দাবি, বিজ্ঞান এখনো এআইর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, এই প্রযুক্তির পরিণতি সম্পর্কে আমাদের আরও সচেতন হওয়া জরুরি।
তবে, মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এ ধরনের আশঙ্কাকে ‘দ্বিচারিতা’ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, ওপেন সোর্স এআইর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ক্ষমতা কেবল বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর হাতে কেন্দ্রীভূত হবে। তাই ঝুঁকি ও সম্ভাবনার ভারসাম্য রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্টারগেট’ প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, যা এআই উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে বলে দাবি করা হচ্ছে। ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রাথমিকভাবে ওপেনএআই ও সফটব্যাংক প্রত্যেকে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রকল্পের লক্ষ্য উন্নত কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে নতুন ও শক্তিশালী এআই মডেল তৈরি করা।
ওপেনএআইর প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রিয়ার বলেছেন, স্টারগেট প্রকল্প এআই উন্নয়নে একটি বড় মাইলফলক হয়ে উঠবে। তবে, এটি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এআইর ঝুঁকি ও নৈতিকতা নিয়ে নতুন বিতর্কও সৃষ্টি করেছে।
ডাচ প্রযুক্তি বিনিয়োগ গ্রুপ প্রসাসের প্রেসিডেন্ট এরভিন তু মনে করেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শিল্প খাতে বিপ্লব ঘটাতে সক্ষম। তবে, এগুলোর ক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সঠিক মূল্যায়ন করা জরুরি।

