এ পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স। ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট জানিয়েছেন, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনায় রয়েছে প্যারিসের। সূত্র: বার্তাসংস্থা আনাদোলু
ব্যারোট বলেন, এ নিয়ে ডেনমার্কের সঙ্গে আলোচনা হয়েছে ফ্রান্সের। তবে তাৎক্ষণিকভাবে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
সুদ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারোট আরও বলেন, ‘এই মুহূর্তে সেনা মোতায়েন ডেনমার্কের ইচ্ছা নয়। তবে নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে ইউরোপ ব্যবস্থা নেবে।’
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রহের জেরে ইউরোপীয় সমর্থন চাইছে ডেনমার্ক। এর মধ্যেই ফ্রান্সের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, আমরা এটি পেতে যাচ্ছি।’
এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গ্রিনল্যান্ডের প্রতি যেকোনো সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন। ট্রান্সআটলান্টিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেছেন তিনি।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট আর্কটিক অঞ্চলকে ‘সংঘাতের নতুন ক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, উত্তেজনা এড়ানোর বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।
এদিকে, আর্কটিকে প্রতিরক্ষার জন্য ২ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডেনমার্ক।
