ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মেলা আয়োজনে যুক্ত কর্মকর্তারা। সূত্র: এএফপি
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলে স্নান উপলক্ষে আয়োজিত কুম্ভ মেলাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে মনে করা হয়। অতিরিক্ত ভিড়ের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
ধর্মীয় উৎসবে বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতি এবং অতিরিক্ত চাপের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছয় সপ্তাহব্যাপী এই উৎসব হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। আজকের দিনে লাখ লাখ ভক্তের পবিত্র স্নানে অংশ নেওয়ার কথা ছিল।
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি পরিচয় প্রকাশ করতে চান না। এমনটাই এএফপির এক প্রতিবেদনে দেখা যায়।
উদ্ধারকর্মীদের আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। দুর্ঘটনাস্থলে কাপড়, জুতা ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
উৎসবস্থলের প্রায় এক কিলোমিটার দূরে একটি অস্থায়ী হাসপাতালের বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষায় ছিলেন অনেকে। আজ কুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন হওয়ায় বিপুলসংখ্যক তীর্থযাত্রী উপস্থিত হয়েছিলেন।
দুর্ঘটনার পর মেলা কর্তৃপক্ষ লাউডহেলারের মাধ্যমে তীর্থযাত্রীদের স্নানস্থল থেকে দূরে থাকার আহ্বান জানায়। এক কর্মীকে বলতে শোনা গেছে, ‘আপনারা অনুগ্রহ করে মূল স্নানস্থলে ভিড় করবেন না। নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করুন।’
এ ঘটনার পর অনেক তীর্থযাত্রী উৎসবস্থল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। মেলায় অংশ নেওয়া সঞ্জয় নিশাদ নামের একজন জানায়, ‘হতাহতের খবর শুনে এবং স্নানস্থলের পরিস্থিতি দেখে আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। তাই আমরা ফিরে যাচ্ছি।’

