সৌদি আরব মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট মালিকানায় বিদেশিদের বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাপিটাল মার্কেট অথোরিটির এক বিবৃতিতে বলা হয়, সোমবার থেকে বিদেশিরা মক্কা ও মদিনায় বেসরকারি বা সরকারি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার এবং রূপান্তরযোগ্য ঋণপত্র কিনতে পারবেন। তবে সৌদি আরবের অন্যান্য শহরগুলোর মতো এখানে অমুসলিমদের সরাসরি সম্পত্তির মালিকানা নেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
মক্কা ও মদিনা মুসলিম তীর্থযাত্রীদের কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর লাখ লাখ মানুষ হজ এবং উমরাহর উদ্দেশে এই শহরগুলোতে আসেন। এতে সৌদি আরবের হোটেল ও সেবা খাতে নিয়মিত আয় হয়, যা স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী এবং দেশীয় বিনিয়োগ প্রচেষ্টার পরও সৌদি আরবের অর্থনীতি এখনও তেলের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, সৌদি আরবের বাজেট সমন্বয়ের জন্য তেলের দাম প্রতি ব্যারেলে ৯৬ ডলার হওয়া প্রয়োজন, যা বর্তমান দামের তুলনায় প্রায় ২০ ডলার বেশি।
সৌদি আরব বিদেশী বাজারের পরিবর্তে স্থানীয় বাজারে বেশি মনোযোগ দিয়েছে। ২০২৪ সালে, সংযুক্ত আরব আমিরাতের মুবাদালা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে সক্রিয় সার্বভৌম সম্পদ তহবিল হিসেবে আত্মপ্রকাশ করেছে। গ্লোবাল এসডব্লিউএফ-এর একটি প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে পিআইএফ-এর খরচ ৩৭ শতাংশ কমে ১৯.৯ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছরের ৩১.৬ বিলিয়ন ডলারের তুলনায় কম।
সৌদি আরবের প্রকল্পগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ কম পাওয়া সত্ত্বেও, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সৌদি ঋণের প্রতি ভালো আগ্রহ দেখিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ‘১২ বিলিয়ন ডলারের বন্ডের জন্য বিনিয়োগকারীদের প্রস্তাব ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।’ ২০২৪ সালে সৌদি আরব ১৭ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বন্ড বিক্রি করেছে, যা উন্নয়নশীল বাজারগুলোর মধ্যে রোমানিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ।

