উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
বুধবার (২৯ জানুয়ারি) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।
এএফপির এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইচ্ছা প্রকাশ করেন, ঠিক তার পরপরই কিম এই মন্তব্য করেছেন।
কেসিএনএ জানায়, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদনকেন্দ্র পরিদর্শনকালে কিম দেশটির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে। কিমের মতে, ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বছর।
কিম আরো জানান, ‘দেশের পরমাণু শক্তি বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক শক্তি আরও দৃঢ় করা হচ্ছে।’
কেসিএনএ সূত্রে আরো বলা হয়েছে, কিমের এই বক্তব্যের আগে গত শনিবার সমুদ্র থেকে ভূ-পৃষ্ঠে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ছিল ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা।
এদিকে, দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।’
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে এক জন ’স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন।
এছাড়া, ২০২২ সালে উত্তর কোরিয়া নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল, যদিও দেশটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি।

