মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়ানতানামো বেতে একটি নতুন অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রটি ৩০ হাজার অভিবাসী আটক রাখার সক্ষমতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) এক ঘোষণায় ট্রাম্প বলেন, কিউবায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে এই নতুন কেন্দ্রটি স্থাপন করা হবে, যা সেখানকার উচ্চ নিরাপত্তাবেষ্টিত সামরিক কারাগার থেকে আলাদা থাকবে। তার দাবি, এই কেন্দ্রটি মূলত মার্কিন জনগণের জন্য হুমকি হিসেবে বিবেচিত ‘সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী অবৈধ অভিবাসীদের’ আটক রাখার জন্য ব্যবহৃত হবে। সূত্র: বিবিসি
গুয়ানতানামো বে দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে ৯/১১ হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দিদের আটক রাখা হয়েছিল। তবে মানবাধিকার সংস্থাগুলো এই কেন্দ্রগুলোতে বন্দিদের নির্যাতনের অভিযোগ এনে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।
ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সীমান্ত নিরাপত্তা সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর প্রধান টম হোমান জানান, গুয়ানতানামোতে বিদ্যমান স্থাপনাটি সম্প্রসারিত হবে এবং অভিবাসীদের আটক কার্যক্রম পরিচালনা করবে আইসিই। তার মতে, মার্কিন কোস্ট গার্ড সমুদ্রে আটক করা অভিবাসীদের সরাসরি সেখানে নিয়ে যেতে পারে এবং তাদের আটক রাখার ক্ষেত্রে ‘সর্বোচ্চ’ মানদণ্ড অনুসরণ করা হবে।
এদিকে, কিউবার সরকার এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দখলকৃত’ ভূখণ্ডে নির্যাতন ও অবৈধ আটকের অভিযোগ তুলেছে।
হোয়াইট হাউসের ইস্ট রুমে স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘‘গুয়ানতানামোতে ৩০ হাজার শয্যা রয়েছে, যেখানে আমেরিকানদের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে বিপজ্জনক অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে। তাদের মধ্যে কিছু এতটাই ভয়ঙ্কর যে আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি নিতে চাই না। তাই আমরা তাদের এখানে রাখব। এটি আমাদের আটক রাখার সক্ষমতা দ্বিগুণ করবে এবং এখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হবে।’’
২০২৪ সালের এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিসটেন্স প্রজেক্ট (আইআরএপি) অভিযোগ করেছে যে মার্কিন প্রশাসন সমুদ্রে আটক অভিবাসীদের ‘অমানবিক’ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখছে।
গুয়ানতানামো বে মূলত সন্ত্রাসবাদীদের আটক রাখার জন্য পরিচিত। সেখানে বন্দিদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। বাইডেন প্রশাসন এই কেন্দ্র বন্ধের পরিকল্পনা করেছিল, তবে বর্তমানে সেখানে এখনও ১৫ জন বন্দি রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানতানামো বেতে একটি পৃথক অভিবাসী আটক কেন্দ্রও রয়েছে।

