যুক্তরাষ্ট্র যদি তার বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখে। তাহলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা প্রত্যাহার করতে পারে-এমনই হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত গ্রিগরি মাশকভ।
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল আফেয়ার্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মাশকভ এই মন্তব্য করেন। তার মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সম্ভব নয়। কারণ নতুন আন্তর্জাতিক শক্তিগুলোর আবির্ভাব বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে পরিবর্তন আনছে।
নতুন এক অস্ত্র প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে উল্লেখ করেন মাশকভ। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও গণবিধ্বংসী অস্ত্রবাহী প্রযুক্তির আধুনিকায়ন পুরোদমে চলছে। একইসঙ্গে মহাকাশের সামরিকীকরণও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। যা ভবিষ্যতে সামরিক দ্বন্দ্বের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারের মতো নতুন প্রযুক্তি শত্রুর সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়।
মাশকভ জানিয়েছেন, প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পরমাণু অস্ত্র প্রসারের বিরোধী চুক্তি (NPT)-এর নির্দিষ্ট কিছু শর্ত পুনর্মূল্যায়নের প্রয়োজন হতে পারে। তিনি উল্লেখ করেন, ২০০০ সালের পর্যালোচনা সম্মেলনে চূড়ান্ত নথিতে অন্তর্ভুক্ত সপ্তম অনুচ্ছেদ। যা এবিএম (Anti-Ballistic Missile) চুক্তির সংরক্ষণ ও শক্তিশালীকরণের কথা বলেছিল। সেটি কার্যত অর্থহীন হয়ে গেছে। কারণ যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গেছে।
রুশ কূটনীতিক আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির প্রচেষ্টা পুনর্মূল্যায়ন করতে হবে। পাশাপাশি পরমাণু ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনাও স্থগিত করা প্রয়োজন। কারণ পশ্চিমা দেশগুলোর কৌশলগত ও অ-কৌশলগত পরমাণু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টা এসব আলোচনাকে অকার্যকর করে তুলছে।
নিবন্ধের শেষ অংশে মাশকভ ইঙ্গিত দেন যে- অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত নীতিগুলো রাশিয়াকে নতুন করে ভাবতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে এই বিষয়গুলো আরও ভালোভাবে সামঞ্জস্য করা প্রয়োজন। শুধু সেই ক্ষেত্রেই রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে, যেখানে উভয়ের সমান স্বার্থ রয়েছে।

