লেবানন-সিরিয়া সীমান্তের জানতা শহরের কাছে ইসরাইলি বিমান হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের তুফাইল ও সিরিয়ার আসসাল আল-ওয়ার্দ সংযোগকারী সড়কে চালানো চারটি হামলার মধ্যে এটি অন্যতম। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সড়কটি হিজবুল্লাহর অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।
সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে হিজবুল্লাহ এই রাস্তা নির্মাণ করেছিল। পরবর্তীতে লেবানন সরকার এটিকে পাকা করে এবং একটি নিরাপত্তা চৌকি স্থাপন করে। হামলার ফলে সড়কের ওপর প্রায় ৭ মিটার গভীর ও ১০ মিটার প্রশস্ত গর্তের সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানতা ছাড়াও, ইসরাইলি যুদ্ধবিমান লেবাননের ওয়াদি খালেদ সীমান্ত এলাকায় আরও দুটি বিমান হামলা চালায়। বিশ্লেষকদের মতে, এটি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির আরও একটি লঙ্ঘন। এর আগে, ইসরাইল বালবেক-হারমেল প্রদেশেও হামলা চালায়।
হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম আল-মুসাব্বি এই হামলাকে পরিকল্পিত উসকানি এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়। বিবৃতিতে দাবি করা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা, যা ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করছিল। এতে আরও বলা হয়, ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে একটি ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোও রয়েছে, যেখানে অস্ত্র উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম চলত।
অন্যদিকে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লেবাননের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সাম্প্রতিক ইসরাইলি হামলার প্রেক্ষাপটে লেবাননকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ আবদেলাত্তি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, মিশর লেবাননের পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী। এছাড়া, লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে, যাতে তারা বিশেষ করে দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। বৈরুতে অবস্থানকালে তিনি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাহিদ জালালজাদেহর সঙ্গেও সাক্ষাৎ করেন।
লেবাননে নতুন সরকার গঠনের বিষয়ে চলমান জটিলতার মধ্যে হিজবুল্লাহর ভূমিকা অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে আবদেলাত্তি জানায়, ফরাসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মিশরের কোম্পানিগুলো লেবাননের বিদ্যুৎ ও গ্যাস খাতে বিশেষজ্ঞ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

