ফিলিস্তিনি সংগঠন হামাস আজ শনিবার আরও তিনজন জিম্মিকে মুক্তি দিচ্ছে। মুক্তিপ্রাপ্তদের সবাই পুরুষ। এ বন্দিবিনিময়ের অংশ হিসেবে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ বিনিময় কার্যক্রম চালানো হচ্ছে।
হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত তিনজন হলেন ইয়ারদেন বিবাস (৩৫), মার্কিন-ইসরায়েলি নাগরিক কিথ সিগেল (৬৫) এবং ফরাসি-ইসরায়েলি নাগরিক অফার ক্যালদেরন (৫৪)।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলবিরোধী হামলার সময় তারা জিম্মি হয়েছিলেন।
হামাসের ওই হামলার পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির আওতায় এটি চতুর্থ দফার বন্দিবিনিময়, যার মাধ্যমে এখন পর্যন্ত ১৫ জন জিম্মি এবং কয়েক শ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন।
এদিকে, বন্দিবিনিময়ের পাশাপাশি ইসরায়েলের সামরিক হামলায় আহত কিছু ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অনুমতি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। অনুমোদন পেলে তাঁরা রাফাহ ক্রসিং পেরিয়ে মিসরে যাবেন। গাজার বাইরে যাওয়ার একমাত্র পথ হিসেবে ব্যবহৃত এই ক্রসিংটি গত মে মাসে বন্ধ করে দেয় ইসরায়েল। তবে পুনরায় এটি চালুর প্রস্তুতি হিসেবে সেখানে ইউরোপীয় ইউনিয়নের একটি বেসামরিক মিশন মোতায়েন করা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অন্যতম শর্ত হিসেবে ছয় সপ্তাহের জন্য ক্রসিংটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
যুদ্ধবিরতির শর্ত অনুসারে, ৩৩ জন জিম্মি ও প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পাশাপাশি দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফেরার অনুমতি এবং মানবিক ত্রাণ সরবরাহ বৃদ্ধির ব্যবস্থাও করা হবে।
এদিকে, মুক্তিপ্রাপ্তদের তালিকায় ইসরায়েলি নাগরিক ইয়ারদেন বিবাসের নাম থাকলেও তাঁর স্ত্রী শিরি ও দুই সন্তানের ভাগ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা কিবুৎজ নির ওজ এলাকা থেকে হামাসের হাতে আটক হয়েছিলেন।
হামাস দাবি করেছে, ইসরায়েলের এক বিমান হামলায় শিরি ও তাঁর দুই শিশুসন্তান নিহত হয়েছেন। যদিও ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেনি, তবে দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র সম্প্রতি তাঁদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।

