ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে আঞ্চলিকভাবে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
কাতার সফরকালে আল জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘ঐতিহাসিক ভুল’ হবে।
তিনি আরো বলেন, যেকোনো হামলার জবাব ইরান ‘তাৎক্ষণিক ও চূড়ান্তভাবে’ দেবে, যার ফলে পুরো অঞ্চলজুড়ে ভয়াবহ যুদ্ধ শুরু হতে পারে।
এদিকে, ইরান আশঙ্কা করছে যে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য উৎসাহিত করতে পারেন।
আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করতে দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন আরাগচি। তিনি কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, অন্যান্য সমস্যারও শান্তিপূর্ণ সমাধান হবে।
এ সফরে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের পরও ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়, যাতে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ জিম্মি হয়। এর জবাবে, একই দিন থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল, যাতে এ পর্যন্ত ৪৭,৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

