লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা উপকূল থেকে ২০ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর এসব লাশ তীরে ভেসে আসে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তাদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস (বৃহস্পতিবার) তাদের ফেসবুক পেজে জানায়, ব্রেগা উপকূলে দুই দিনে একাধিক অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার হয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া লাশের মধ্যে বাংলাদেশি রয়েছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস।
দূতাবাস আরো জানিয়েছে, দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ফেসবুক কমেন্টের মাধ্যমে অথবা দূতাবাসের দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করতে বলা হয়েছে।
শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় যে, লাশ উদ্ধারের স্থান পরিদর্শনের অনুমতি না পাওয়ায় তারা সঠিক তথ্য সংগ্রহ করতে পারেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাশগুলো পচে যাওয়ায় এবং তাদের কাছে কোনো জাতীয়তা সংক্রান্ত নথিপত্র না থাকায় শনাক্তকরণ সম্ভব হয়নি। পরে ব্রেগা উপকূল থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় লাশগুলো সমাহিত করা হয়েছে।

