যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এই ৩ দেশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি), থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। এদিকে চীন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে অভিযোগ জানাবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
শুল্ক আরোপের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ‘দেশের জনগণকে ফেনাটিলের মতো প্রাণঘাতী মাদক থেকে রক্ষা করা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো মন্তব্য করেন, ‘শুল্ক আরোপ কোনো সমস্যার সমাধান নয় বরং সংলাপের মাধ্যমেই সঠিক সমাধান খুঁজতে হবে।’
ট্রাম্প আরো অভিযোগ করেন, মেক্সিকোর সরকার মাদক সম্রাটদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে এবং তাদের সহায়তা দিচ্ছে। এর জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘মাদক চক্রের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা যুক্তরাষ্ট্রেরই দায়িত্ব।’
এদিকে কানাডার জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ পরিস্থিতিতে আসতে চাইনি। তবে কানাডিয়ানদের স্বার্থ রক্ষায় আমরা পিছু হটব না।’
ট্রুডো জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকেই, আর বাকি শুল্ক আরোপিত হবে ২১ দিনের মধ্যে।
এই শুল্ক যুদ্ধ বিশ্ববাণিজ্যের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

