ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এসব তথ্য প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের ভিডিও তিনি নিজেই তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করেছেন, যা পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রচার করা হয়।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জয়শঙ্কর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে এক সাংবাদিক জানতে চান, বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে জয়শঙ্কর জানান, ‘হ্যাঁ, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে না।’
ভারত-যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রশাসন দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। তিনি জানান, ভারতের উপস্থিতি ট্রাম্প প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কো রুবিও ও জয়শঙ্কর বিভিন্ন আঞ্চলিক ইস্যু, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের উন্নয়ন, প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি নিরাপত্তা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ট্রাম্প প্রশাসনের বিশেষ আগ্রহ রয়েছে এবং মার্কো রুবিও ‘অনিয়মিত অভিবাসন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

