গাজার রাফাহ সীমান্ত ক্রসিং প্রায় নয় মাস পর খুলে দেওয়া হয়েছে। এতে গাজার আহত ও অসুস্থ মানুষ চিকিৎসার জন্য মিসরে যাওয়ার সুযোগ পেয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫০ জন রোগী ও ৬১ জন সেবাকর্মী সীমান্ত অতিক্রম করে মিসরে পৌঁছেছে।
মিসরের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে দেখা গেছে, ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সগুলো সীমান্তে পৌঁছায় এবং কয়েকজন শিশুকে স্ট্রেচারে করে মিসরের অ্যাম্বুলেন্সে তোলা হয়।
প্রসঙ্গত, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ১৫ মাসের সংঘাতের ফলে বহু ফিলিস্তিনি গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা গ্রহণের সুযোগ পাননি। তাদের মধ্যে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১৯ জানুয়ারি থেকে মোট ৪০০ ফিলিস্তিনিকে গাজা ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাফাহ সীমান্ত ক্রসিংয়ের পুনরায় চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি চলমান যুদ্ধবিরতি চুক্তিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। গাজায় হামাস শেষ জীবিত নারী বন্দিদের মুক্তি দেওয়ার পর ইসরায়েল এ সীমান্ত খুলতে সম্মত হয়।
শনিবার হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার পরপরই রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলও তাদের কারাগার থেকে ১৮০ জনের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
গাজার হাসপাতালগুলোর পরিচালক মোহাম্মদ জাকৌত জানান, প্রায় ছয় হাজারের বেশি ফিলিস্তিনি রোগীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে অন্তত ১২ হাজার রোগীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। সীমিত সংখ্যক রোগীকে সরিয়ে নেওয়া যথেষ্ট নয় বলেও তিনি মন্তব্য করেন।
আইএনএআরএ’র প্রতিষ্ঠাতা আরওয়া ড্যামন জানায়, জীবনরক্ষাকারী চিকিৎসার প্রয়োজন এমন প্রায় ২,৫০০ ফিলিস্তিনি শিশুকে গাজা থেকে বের করে আনার প্রক্রিয়া অত্যন্ত জটিল। সূত্র: আল জাজিরা
তিনি আরো বলেন, ‘একজন শিশুর অভিভাবক তার চিকিৎসার জন্য বাইরে নেওয়ার আবেদন করেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই আবেদন পর্যালোচনা করে এবং জরুরি প্রয়োজনের ভিত্তিতে রোগীদের শ্রেণিবদ্ধ করে। এরপর অনুমোদনের জন্য ইসরায়েলকে তালিকা পাঠানো হয়, যেখানে প্রতিটি নাম আলাদাভাবে পরীক্ষা ও অনুমোদন করতে হয়।’
রাফাহ সীমান্ত পুনরায় চালুর মাধ্যমে আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের চিকিৎসার সুযোগ সৃষ্টি হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সহায়তা না হলে সংকট নিরসন সহজ হবে না।

