মহাকুম্ভ চলাকালে প্রয়াগরাজে মুসলিম ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অলিখিত নির্দেশনা থাকলেও সংকটের মুহূর্তে ধর্ম-বর্ণের বিভেদ ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়ান স্থানীয় মুসলিমরা। শুধু ধর্মীয় স্থাপনাই নয়, তাঁদের বাড়ির দরজাও উন্মুক্ত করা হয় বিপন্ন মানুষদের জন্য। নিরামিষ খাবার হিসেবে পুরি, সবজি, খিচুড়ি, গরম চা ও অন্যান্য খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।
স্থানীয়দের মতে, এটি প্রয়াগরাজের ঐতিহ্যবাহী ‘গঙ্গা-যামনি তেহজিব’ সংস্কৃতির প্রতিফলন। শুধু প্রয়াগরাজেই নয়, সম্প্রতি কাশ্মীরেও তুষারপাতের কারণে আটকা পড়া পর্যটকদের মুসলিম সম্প্রদায়ের মানুষজন মসজিদে আশ্রয় দেন এবং উদ্ধারকারী দল পৌঁছানো পর্যন্ত খাবার-পানীয়ের ব্যবস্থা করেন।
মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার পর ২৯ ও ৩০ জানুয়ারির রাতে প্রয়াগরাজের খুল্লাবাদ সবজি মন্ডি মসজিদ, বড়া তাজিয়া ইমামবাড়া, হিম্মতগঞ্জ দরগাহ, চক মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আশ্রয়স্থলে পরিণত হয়। অন্তত ৫০০ মানুষকে জায়গা দেওয়া হয় নখসখোলা ও চক এলাকার মসজিদে। মুসলিম-অধ্যুষিত রোশনবাগ, খুল্লাবাদ, রানি মান্ডি ও শাহগঞ্জের অনেক পরিবার তামিলনাড়ু, বিহার, রাজস্থান ও হরিয়ানার তীর্থযাত্রীদের আশ্রয় দেয়।
গৃহস্থ বাড়ির নারীরাও বিপদে পড়া তীর্থযাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কিছু এলাকায় লঙ্গরখানার আয়োজন করা হয়। মুসলিমদের পাশাপাশি স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষও গুরুদ্বারের দরজা খুলে দেন অসহায়দের জন্য।
স্থানীয় শিক্ষক মাসুদ আহমেদ গণমাধ্যমকে জানায়, ‘হিন্দুরা এখানে ধর্মীয় আচার পালনের জন্য এসেছেন, আর আমরা মানবধর্মের দায়িত্ব পালন করেছি।’
চক এলাকার বাসিন্দা মইনুদ্দিন জানায়, ‘মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে, এটাই আমরা শিখেছি।’
খুল্লাবাদের মাহমুদ আজম জানায়, ‘মহাকুম্ভ শুরুর আগে মুসলমানদের দূরে থাকার প্রচার হয়েছিল, অথচ বিপদে পড়া মানুষদের সাহায্যের জন্য মুসলিম মহল্লাই হয়ে উঠল আশ্রয়কেন্দ্র।’ এই উদ্যোগ শুধু ধর্মীয় সম্প্রীতির নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।