মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) এতদিন ‘উগ্র উন্মাদদের’ দ্বারা পরিচালিত হয়ে আসছিল।
শনিবার সংস্থাটির শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর পর, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ইউএসএআইডি একদল উগ্র উন্মাদ দ্বারা পরিচালিত হচ্ছিল। আমরা তাদের সরিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
ট্রাম্পের এক নির্বাহী আদেশের ফলে মার্কিন বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরই মধ্যে ইউএসএআইডির ওয়েবসাইট ডাউন হয়ে গেছে এবং সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা তাদের অফিসিয়াল ইমেইলেও প্রবেশ করতে পারছেন না। ধারণা করা হচ্ছে, সংস্থাটি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অধীনে নিয়ে আসা হতে পারে।
স্বাধীন সংস্থা হিসেবে পরিচালিত ইউএসএআইডি বিশ্বব্যাপী উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন করে থাকে। সংস্থাটির প্রায় ১০,০০০ কর্মী রয়েছে। তবে ট্রাম্পের মতে, এই সংস্থা মার্কিন অর্থের অপচয় করছে। ফলে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি বিদেশে মার্কিন সহায়তা স্থগিতের নির্দেশ দেন।
ট্রাম্পের নির্দেশের পর ইউএসএআইডির কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। শনিবার সংস্থার শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভার্মেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) কর্মকর্তারা ইউএসএআইডির গোপন তথ্য ও অন্যান্য সিস্টেমে প্রবেশাধিকার চেয়েছিলেন। কিন্তু কর্মকর্তারা অনুমতি দিতে অস্বীকৃতি জানালে তাদের ছুটিতে পাঠানো হয়।
ইউএসএআইডির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প ও ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক সংস্থাটিকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করে লিখেছেন, ‘এটি বন্ধ করার সময় এখনই।’
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরও বৈদেশিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে পরবর্তী ৯০ দিনের জন্য সব ধরনের উন্নয়ন সহায়তা স্থগিতের নির্দেশনা দিয়েছে। তবে ইউএসএআইডির ভবিষ্যৎ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

