যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানের মাধ্যমে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে প্রশাসন। এর আওতায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের আটক রাখা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে ভারতগামী একটি ফ্লাইট ছেড়ে গেছে, যা গন্তব্যে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় নেবে।
এছাড়া, পেন্টাগন টেক্সাসের এল পাসো ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো থেকে আটক অভিবাসীদের বহিষ্কারের জন্য নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এরই মধ্যে সামরিক বিমানে করে গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।
তবে সামরিক বিমানে অভিবাসী বহন ব্যয়বহুল বলে উল্লেখ করেছে রয়টার্স। গত সপ্তাহে গুয়েতেমালায় এক ফ্লাইটে জনপ্রতি অন্তত ৪ হাজার ৬৭৫ ডলার ব্যয় হয়েছিল।

