দিল্লির উত্তমনগর ইস্ট মেট্রো স্টেশনের কাছে একটি বস্তি, যা ‘বাঙালি বস্তি’ নামে পরিচিত। সেখানে বসবাসকারী বাংলাভাষী মুসলিমরা সম্প্রতি আতঙ্কে দিন কাটাচ্ছেন। পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও আসামের নওগাঁ, বরপেটা থেকে আসা শ্রমজীবী মানুষেরা এখানে রাজমিস্ত্রির সহকারী, নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।
তবে গত দুই মাস ধরে দিল্লি পুলিশের টানা অভিযানে বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলা বা গভীর রাতে পুলিশ হানা দিয়ে পরিচয়পত্র পরীক্ষা করছে। আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড না থাকলে তাদের ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে আটক করা হচ্ছে।
দিল্লি পুলিশের বিভিন্ন ডেপুটি কমিশনার জানিয়েছেন, অভিযানে আটক ব্যক্তিদের ‘ডিপোর্ট’ করা হয়েছে। সাধারণত কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বাংলাদেশ দূতাবাস তার পরিচয় নিশ্চিত করার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। তবে অতীতে গোপনে সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার (পুশব্যাক) অভিযোগ উঠেছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো সরকারের দায়িত্ব। কিন্তু কতজনকে ডিপোর্ট করা হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, সন্দেহভাজনদের ফেরত পাঠানো হচ্ছে, নাকি অন্য কোনো গোপন পদ্ধতিতে তাদের সরানো হচ্ছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা গত ১০ ডিসেম্বর নির্দেশ দেন, বৈধ কাগজপত্র ছাড়া থাকা বিদেশিদের শনাক্ত করতে অভিযান চালাতে হবে। এই নির্দেশের পরপরই দিল্লি পুলিশের নিষ্ক্রিয় থাকা ‘বাংলাদেশ সেল’ পুনরায় সক্রিয় হয় এবং রাজধানীর বিভিন্ন বস্তিতে ধারাবাহিক অভিযান শুরু হয়।
এই অভিযানকে অনেকে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত মনে করছেন। বিজেপি দিল্লির শাসনক্ষমতা দখল করতে মরিয়া এবং তারা আম আদমি পার্টিকে দুর্বল করতে ‘বাংলাদেশি খেদাও’ প্রচারণা চালাচ্ছে। বিজেপির নেতারা অভিযোগ তুলেছেন, আম আদমি পার্টির মদতে বাংলাদেশিরা দিল্লিতে বসতি গড়ে তুলেছে।
দিল্লি পুলিশের সাম্প্রতিক ধরপাকড় এবং ডিপোর্টেশন ঘোষণার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব।
তিনি বলেন, ভোটের সময়ই এই ইস্যু সামনে আনা হয়, কিন্তু বাস্তবে সরকার আন্তঃদেশীয় আলোচনা করে বিষয়টি সমাধান করতে পারে।
দিল্লি পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তিদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই সংস্থা বিদেশিদের নথিভুক্তকরণ ও ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে কাজ করে এবং অবৈধদের ফেরত পাঠানোর দায়িত্বে থাকে।
এফআরআরও, দিল্লি পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ- সবকিছুই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেও বাংলাদেশিদের ‘ঘুষপেটিয়া’ বা অনুপ্রবেশকারী হিসেবে সম্বোধন করেছেন এবং তাদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন।
কিন্তু এই অভিযানে আটক ব্যক্তিদের ভাগ্যে কী ঘটছে, তা এখনো অস্পষ্ট। তাদের প্রকৃতপক্ষে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, নাকি অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে সরানো হচ্ছে- সে বিষয়ে সরকারিভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
দিল্লিতে কথিত বাংলাদেশিদের ধরপাকড়কে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। নির্বাচনের আগে বিজেপি হিন্দুত্ববাদী ভোট সংহত করতে এবং আম আদমি পার্টিকে কোণঠাসা করতেই এই অভিযান চালাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে বাস্তবে এই অভিযানের ফলে কতজন প্রকৃতপক্ষে ডিপোর্ট হয়েছেন, সেটি এখনও প্রশ্নসাপেক্ষ।

