গাজার উত্তরাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে আরো ২০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, শেখ জায়েদ শহরের একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের কাছে বালির স্তূপে চাপা পড়ে ছিল এসব মরদেহ।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ ফেব্রুয়ারি) উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকাজে থাকা এক কর্মকর্তা জানান, দক্ষিণ গাজা থেকে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়শিবির নির্মাণের সময় মরদেহগুলো পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকারী বলেন, নিহতরা ফিলিস্তিনি নাগরিক, যাদের ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করে ওই এলাকায় মাটিচাপা দেয়। তবে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ ও রাস্তাগুলো থেকে ৪৮৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত ৪৭ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ।
এদিকে, গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

