সিরিয়ায় সামরিক শক্তি বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তুরস্ক। দেশটির সরকার আধুনিক যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি অন্তত দুটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা সম্পর্কে তুরস্কের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার অদূর ভবিষ্যতে সিরিয়ায় যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে। এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি সিরিয়ার সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কথাও ভাবছে আঙ্কারা।
এই চুক্তির আওতায় সিরিয়ায় সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় আঙ্কারা দামেস্ককে সহায়তা দেবে। পাশাপাশি, সিরিয়ার সেনাদের সামরিক প্রশিক্ষণ দেবে তুরস্ক।
৫০টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা-
তুরস্ক সিরিয়ায় ৫০টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে। মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান তুরস্কের দখলে রয়েছে। বর্তমানে দেশটির কাছে ২৩০ থেকে ২৭০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।
অন্যদিকে, সিরিয়ার বাফার জোনের কাছে একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে ইসরায়েল। এর আগে যুক্তরাষ্ট্রও সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল।
আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড়-
এদিকে, সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আহমেদ আল শারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে আঙ্কারা সফরে যাচ্ছেন।
তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের প্রধান ফাওরেত্তিন আলতুন এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, এই সফর সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ছে-
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন আহমেদ আল শারা। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, এই বৈঠক সৌদি-সিরিয়া সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দামেস্কে আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতায় আসে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। বিদ্রোহী গোষ্ঠীটি সম্প্রতি আহমেদ আল শারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। নতুন নেতৃত্বের অধীনে সিরিয়া এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে।

