যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস) চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে চিঠিপত্রের আদান-প্রদানে এ নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। সূত্র: বিবিসি
ইউএসপিএস এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও, এটি এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন।
ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশের মাধ্যমে ৮০০ ডলার বা তার কম মূল্যের পণ্যের জন্য বিদ্যমান শুল্ক-মওকুফ ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর আগে, ‘ডি মিনিমিস’ নামে পরিচিত এই সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু কর ও শুল্ক ছাড় দেয়া হতো।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এই কর-ছাড় ব্যবস্থা সমালোচনার মুখে পড়ে, বিশেষ করে চীনা ই-কমার্স কোম্পানি শেইন ও টেমু যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে প্রসার লাভের পর। বাণিজ্য বিশেষজ্ঞ ডেবোরাহ এলমস বলেন, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে চীন থেকে সরাসরি মার্কিন ক্রেতাদের কাছে পৌঁছানো পণ্যের ক্ষেত্রে নতুন শুল্কনীতির কারণে কঠোরতা বৃদ্ধি পেয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুল্ক-মওকুফের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ পার্সেল প্রবেশ করায় অবৈধ পণ্য চিহ্নিত করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। নতুন সিদ্ধান্তের ফলে এ ধরনের সমস্যা মোকাবিলা করা সহজ হবে বলে তারা আশা করছেন।

