ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৮১ কিলোমিটার গভীরে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। অঞ্চলটি পৃথিবীর একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে বেশি।

