সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোতে একটি শিক্ষাকেন্দ্রে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্র: রয়টার্স
স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই শিক্ষাকেন্দ্রটি প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে না পারা বয়স্ক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তবে এর পাশেই একটি শিশুদের স্কুল রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছেন। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। শুরুতে ঘটনাটিকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও অস্ত্র-সংক্রান্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে, নিরাপত্তার স্বার্থে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরেই থাকতে বলা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সংশ্লিষ্ট স্কুলগুলো খালি করা হয়। হামলার ঘটনায় শোক প্রকাশ করে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, ‘এটি দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন।’

