ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। তাঁদের মতে, এই পরিকল্পনা বাস্তবতা বিবর্জিত এবং অবিশ্বাস্য।
গত মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী, হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে এক ব্যতিক্রমী পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং তারা উপত্যকার উন্নয়ন করবে। গাজাকে সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে কীভাবে এবং কোন ক্ষমতাবলে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
হামাস-ইসরায়েল সংঘাতের ফলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। ১৫ মাসের যুদ্ধকালে ইসরায়েলি হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। লাগাতার হামলায় গাজার অবকাঠামো বিধ্বস্ত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮০ শতাংশ বাসিন্দা।
গাজার বাসিন্দা- ৫২ বছর বয়সী আবু ফিরাস এখন উপত্যকার উপকূলীয় এলাকায় একটি তাঁবুতে বসবাস করছেন। তার মূল বসতবাড়ি ছিল খান ইউনিসের পূর্বাঞ্চলে, যা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। তিনি যুদ্ধে ৮০ জন আত্মীয়স্বজনকে হারিয়েছেন এবং বর্তমানে সহায়তার অভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি। তবে, তিনি গাজা ছেড়ে অন্য কোথাও যেতে রাজি নন।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা মরব, কিন্তু এই ভূমি ছেড়ে যাব না।”
গাজাকে ‘দুর্ভাগ্য, মৃত্যু ও ধ্বংসের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
তাঁর দাবি, অনেক ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে আগ্রহী। তবে গাজার সাধারণ জনগণ ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, গাজা কেবল বসবাসের জায়গা নয়, এটি তাদের ঐতিহ্য ও আত্মপরিচয়ের অংশ।
গাজার ৫০ বছর বয়সী বাসিন্দা রামজ, যিনি চার সন্তানের পিতা, বলেন, “যে-ই হোক, যত দূরেই যাক, নিজ শহর ছাড়া কেউ কখনো শান্তি পাবে না।” তিনি আরও বলেন, “এত ধ্বংসের পরও আমরা আমাদের মর্যাদা রক্ষা করেই এখানে বেঁচে থাকব এবং মরব।”
গাজাবাসীদের দাবি, যুদ্ধ ও অবরোধের কারণে দীর্ঘদিন ধরে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইসরায়েলি অবরোধ, হামাসের কঠোর শাসন, অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও তারা উপত্যকার ঐতিহ্য ধরে রেখেছেন। গাজার জনগণের স্পষ্ট বার্তা- এই ভূমি ছাড়ার কোনো প্রশ্নই আসে না।

