রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি সংঘাতের পর অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে তিনি প্রস্তুত। সূত্র: দ্য গার্ডিয়ান
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যদি ইউক্রেনে শান্তি ফেরানো এবং প্রাণহানি ঠেকানোর একমাত্র উপায় হয় সংলাপ, তাহলে আমরা সে পথে যেতে প্রস্তুত।’
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশ, বিশেষ করে তুরস্ক, বেলারুশ ও ভারত, রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য জেলেনস্কিকে আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এবার তিনি নিজের আগের অবস্থান থেকে সরে এসে শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেন।
এদিকে চলমান যুদ্ধে ইউক্রেনের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও প্রকাশ করেছেন জেলেনস্কি। তার দাবি, এখন পর্যন্ত সংঘাতে ৪৫ হাজার ১০০ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার জন।
এদিকে কিয়েভের সামরিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে নতুন করে ৬ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বুধবার ইউক্রেন সফরকালে এই সহায়তা ঘোষণা করবেন। তিনি বলেছেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। দেশটিকে শক্তিশালী পর্যায়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

