ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার এক হাজার দিন পূর্ণ হলেও এখনো সুবিচার পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর গুলিতে ২০২২ সালের ১১ মে নিহত হন আল-জাজিরার এই অভিজ্ঞ সাংবাদিক। পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলার খবর সংগ্রহের সময় মাথায় হেলমেট ও স্পষ্ট ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। আল-জাজিরার দাবি, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
আন্তর্জাতিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-
শিরিনের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ তদন্ত চালিয়ে নিশ্চিত করেছে যে, ইসরায়েলি বাহিনীই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। শিরিন এবং তার সহকর্মীরা সংঘর্ষের বাইরে অবস্থান করছিলেন, যেখানে কোনো ক্রস-ফায়ার ছিল না। তাদের থেকে ২০০ মিটার দূরে অবস্থানরত ইসরায়েলি সেনারা গুলি চালায় এবং সহকর্মীরা এগিয়ে এলে তাদের দিকেও গুলি ছোড়া হয়।
তবে এত স্পষ্ট প্রমাণ থাকার পরও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক আদালত কেউই ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো তদন্ত পরিচালনা করেনি।
ইসরায়েলের প্রতিক্রিয়া-
শিরিন হত্যার পর ইসরায়েল প্রথমে দায় অস্বীকার করে, দাবি করে যে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে তিনি নিহত হয়েছেন। কিন্তু পরে তারা স্বীকার করে যে, ইসরায়েলি সেনাদের গুলিতেই তার মৃত্যু হয়েছে, তবে এটিকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করে। এক সপ্তাহ পর তারা জানায়, এ নিয়ে কোনো তদন্ত করবে না, কারণ এতে দেশের ভেতরে সমালোচনা সৃষ্টি হতে পারে।
এক বছর পর ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি শিরিন হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তবে এখনো কোনো সেনাসদস্যের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের নীতি ও ভূমিকা-
হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র প্রথমে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। শিরিনের পরিবার ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুরোধে যুক্তরাষ্ট্র বুলেটের ফরেনসিক বিশ্লেষণ করলেও জানায়, সেটি এতটাই ক্ষতিগ্রস্ত যে কোনো নির্দিষ্ট তথ্য বের করা সম্ভব হয়নি। ইসরায়েলের ‘দুঃখপ্রকাশের’ পর যুক্তরাষ্ট্রও আর কোনো চাপ প্রয়োগ করেনি।
অন্যান্য তদন্ত প্রতিবেদন-
শিরিন হত্যার বিষয়ে স্বাধীন তদন্ত পরিচালনা করেছে সিএনএন, আল-জাজিরা, ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল-হক ও ব্রিটিশ সংস্থা ফরেনসিক আর্কিটেকচার। এসব তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা-
২০২২ সালের ডিসেম্বর মাসে আল-জাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার অনুরোধ জানায়। তারা ছয় মাসব্যাপী অনুসন্ধান চালিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং নতুন তথ্য-উপাত্ত আইসিসির কাছে জমা দেয়। একই বছর শিরিনের পরিবারও আইসিসিতে মামলা করার আবেদন করে। তবে এখনো আইসিসি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
জাতিসংঘের তদন্ত ও সুপারিশ-
২০২৩ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানায়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে শিরিনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তারা জানায়, এক বিশেষ ইসরায়েলি ইউনিট এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
জাতিসংঘ তাদের তদন্তে আটজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করে এবং আল-জাজিরা, সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনগুলো পর্যালোচনা করে। তাদের প্রতিবেদন আইসিসির কাছে হস্তান্তরেরও অনুরোধ জানানো হয়েছে।
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নির্যাতন অব্যাহত-
শিরিন হত্যার আগে গত ২২ বছরে ২০ জন ফিলিস্তিনি সাংবাদিক হত্যার ঘটনায় কোনো ইসরায়েলি সেনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৫৯ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল।
শিরিন আবু আকলেহ হত্যার এক হাজার দিন পার হলেও এখনো সুবিচার অধরা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতায় প্রশ্ন উঠেছে, আদৌ কি কোনো দিন এই হত্যাকাণ্ডের বিচার হবে?

