মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর হাজার হাজার কর্মী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে ছুটিতে যাচ্ছেন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রায় সব কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। তবে জরুরি মিশন, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কিছু কর্মসূচির কর্মীরা এর বাইরে থাকবেন।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকালের মধ্যে কর্মীদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ঠিক কোন কোন কাজ এই সিদ্ধান্তের কারণে স্থগিত হবে, তা এখনো পরিষ্কার নয়।
সম্প্রতি ইউএসএআইডিকে কেন্দ্র করে বিতর্ক চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী- ধনকুবের ইলন মাস্ক ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইউএসএআইডি বাজেট অপচয় করছে এবং সংস্থাটিকে প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্য আনতে হবে। তবে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের সমর্থন নিয়ে এই বাজেট কাটছাঁটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইউএসএআইডির কর্মীরা। তাদের মতে, এই পদক্ষেপ মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত করবে এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।
বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে মানবিক সহায়তা প্রদানকারী ইউএসএআইডির কর্মীসংখ্যা প্রায় ১০ হাজার। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, এর দুই-তৃতীয়াংশ কর্মী বিদেশে কাজ করেন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার, যা মার্কিন ফেডারেল ব্যয়ের প্রায় ০.৬ শতাংশ।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত ইউএসএআইডি কর্মীদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে, যা আগামী ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।
তবে হঠাৎ এই সিদ্ধান্তে প্রশাসনের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, কূটনৈতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে এবং একে ‘অহেতুক’ বলে আখ্যায়িত করেছে।
এদিকে কর্মীদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে কর্মরত ১ হাজার ৪০০ জনকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে, তবে এই ছুটি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়। সংস্থার শীর্ষ ১০০ কর্মকর্তার চাকরিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ছাড়া অনেকের চুক্তি ইতোমধ্যেই বাতিল করেছে ইউএসএআইডি।

