বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা, মানবহিতৈষী ও বিলিয়নেয়ার উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান (৮৮) পরলোকগমন করেছেন। বুধবার পর্তুগালের লিসবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তার দাদার স্থলাভিষিক্ত হন। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করলেও তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন এবং জীবনের বড় অংশ কাটান ফ্রান্সে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ইসমাইলি সম্প্রদায়ের নেতা হিসেবেই নয় বরং বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক তার শোকবার্তায় জানিয়েছে, “আমরা তার পরিবার এবং বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য পূরণে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যাতে বিশ্বের প্রতিটি কোণে মানুষের জীবন আরও ভালো হয়।”
আগা খান তার বিশাল সম্পদের বড় অংশ দাতব্য কার্যক্রমে ব্যয় করেছেন। তার নেতৃত্বে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিশ্বজুড়ে স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই সংস্থা শতাধিক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছে। যা উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করছে।
বিশেষ করে, তিনি পাকিস্তানের করাচিতে আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। যা দক্ষিণ এশিয়ার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া হার্ভার্ড ও এমআইটির যৌথ উদ্যোগে ‘আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার’ চালু করেন। যা ইসলামী স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতেও তার দাতব্য সংস্থা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার পুনরুদ্ধারে কাজ করেছে। যার মধ্যে দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধি অন্যতম।
ব্যবসায়িক খাতেও আগা খানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। তার অন্যতম প্রধান বিনিয়োগ ছিল ঘোড়া প্রতিপালন ও প্রজনন খাতে। যেখানে তিনি ইউরোপের অন্যতম সফল ঘোড়া প্রজননকারী হিসেবে পরিচিত ছিলেন।
আগা খানের মৃত্যুতে বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, যিনি আগা খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে “দূরদর্শী, বিশ্বাসী, উদার এবং অসাধারণ এক নেতা” হিসেবে বর্ণনা করে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রিন্স করিম আগা খানের জীবন ও কর্ম তার নিঃস্বার্থ মানবসেবা, নেতৃত্বগুণ ও দানশীলতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার রেখে যাওয়া কার্যক্রম বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে যাবে।

