আর্জেন্টিনার বুয়েনস আইরেস শহরের ১০ কিলোমিটার দূরের আভেলানেদা শহরের বাসিন্দাদের জন্য বুধবার রাতটি ছিলো অস্বাভাবিক। অন্যদিনের মতো ঘুমাতে যাওয়ার পর ভোরে এক আশ্চর্যজনক গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান, শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদী ‘সারান্দি’র পানি হঠাৎ করে লাল হয়ে গেছে। স্থানীয়রা এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে, অনেকের ধারণা ছিল ‘নদীটি রক্তে আচ্ছাদিত’।
অবিশ্বাস্য এই রঙের পরিবর্তনটি দ্রুতই আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অনেক বাসিন্দা মনে করছেন, নদীর পানি লাল হওয়ার কারণ দূষণ। বুয়েনস আইরেসের আবহাওয়া বিভাগ নদী থেকে পানি সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। বিভাগটি জানিয়েছে, সম্ভবত শিল্প খাতের ব্যবহৃত রং নদীতে মিশে যাওয়ার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মারিয়া ডুকমলস বলেন, ‘গন্ধে আমাদের ঘুম ভেঙে গেল। যখন দিনের আলোয় নদীটির দিকে তাকালাম, পুরো নদী লাল হয়ে গেছে। মনে হচ্ছিল, রক্তে ভেসে যাচ্ছে নদী। এটা ছিল ভয়ানক।’
এখনো নদীর পানির লাল রঙের সঠিক কারণ জানা না গেলেও, স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, নদীর তীরে অবস্থিত চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য নদীতে ফেলা হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সূত্র: বিবিসি

