গাজার যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় আজ (৮ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেয়া হবে।
হামাস আজ মুক্তি পেতে চলা তিন জিম্মির নাম প্রকাশ করেছে, তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। সবকটি ব্যক্তিই বেসামরিক নাগরিক।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে যে, হামাসের তালিকা অনুযায়ী তিন জিম্মির পরিবারের সদস্যদের তাদের স্বজনদের মুক্তির ব্যাপারে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর হামাস ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরাইলও ৩৮৩ ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করেছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য তিন সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যদিও ইসরাইল দাবি করেছে যে, ৩৩ জিম্মির মধ্যে ৮ জন ইতিমধ্যে মারা গেছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায়, যার ফলে ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫০ জনেরও বেশি মানুষকে গাজায় জিম্মি করে নিয়ে আসে হামাস। এর পরদিনই পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী।
গত ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ জানায়, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

