যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ২ হাজার ২০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল আদালতের বিচারক। একই সঙ্গে, সংস্থাটি থেকে ছাঁটাই হওয়া ৫০০ কর্মীকে পুনর্বহাল করার আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি), গভীর রাতে যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট কোর্টের বিচারক কার্ল নিকোলস একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
যাতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠাতে পারবে না। এ আদেশে আরো বলা হয়েছে, যারা ইতিমধ্যে ছুটিতে পাঠানো হয়েছে, তাদের আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে পুনর্বহাল করতে হবে।
এছাড়া বিচারক নিকোলস ঘোষণা করেছেন যে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইউএসএআইডি থেকে কোনো কর্মীকে তাদের স্বাগতিক দেশ থেকে সরানো যাবে না। কর্মীদের ইমেইল, পেমেন্ট এবং নিরাপত্তা বিজ্ঞপ্তি ব্যবস্থায় পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
এর পূর্বে ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইউএসএআইডি সংস্থাটি হাজার হাজার কর্মীকে ছুটিতে পাঠানোর অথবা বরখাস্ত করার পরিকল্পনা করেছিল। কিন্তু আদালতের এই আদেশের পর সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত হয়ে গেছে।
এ বিষয়ে সিএনএনকে মন্তব্য করতে গিয়ে বিচারক নিকোলস বলেন, যদি কর্মীদের ছুটিতে পাঠানো হয়, তাহলে সংস্থাটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চ-ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা কর্মীদের ক্ষেত্রে।
এদিকে, ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বিলুপ্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুটি শ্রম সংগঠন মামলা দায়ের করেছে, যার শুনানি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

