মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাঁদের প্রথম বৈঠকে পারস্পরিক উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে তাঁরা বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এই ঘাটতি পূরণ না হলে জাপানকেও শুল্ক আরোপের মুখে পড়তে হতে পারে। যদিও জাপান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শুল্ক এড়াতে সক্ষম হয়েছে। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে ওয়াশিংটন।
ট্রাম্প আরও জানান, মার্কিন ইস্পাত কারখানা ইউএস স্টিলে জাপানের নিপ্পন স্টিল বিনিয়োগ করতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করবে না; বরং এটি বিনিয়োগের মাধ্যমেই অংশীদারিত্ব গড়ে তুলবে। উল্লেখ্য এর আগে বাইডেন প্রশাসন এই চুক্তিতে বাধা দিয়েছিল।
বৈঠকে দুই নেতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা চীনা আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের উসকানিমূলক কার্যকলাপের নিন্দা জানান।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। দুই নেতা পিয়ংইয়ংকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানান। তবে ট্রাম্প বলেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখতে চান।
বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইশিবা বলেন, ‘টেলিভিশনে ট্রাম্পকে দেখে ভীতিকর ও কঠোর মানুষ মনে হতো কিন্তু সামনাসামনি দেখা করার পর উপলব্ধি করেছি, তিনি খুবই আন্তরিক ও শক্তিশালী একজন ব্যক্তি।’
ট্রাম্পও ইশিবার প্রশংসা করেন এবং তাঁকে ‘সুদর্শন’ বলে অভিহিত করেন।
জাপান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতার কথা উল্লেখ করে দুই নেতা সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইশিবা জানান, যুক্তরাষ্ট্রে জাপানের বিনিয়োগ আরও বাড়বে এবং প্রতিরক্ষা খাতে এক ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
এক দিনের সংক্ষিপ্ত সফরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী। শুক্রবার দুপুরে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এটি ইশিবার প্রথম মার্কিন সফর হলেও, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করা দ্বিতীয় বিদেশি নেতা তিনি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রথম বৈদেশিক অতিথি ছিলেন।
এই বৈঠক নতুন এক যুগের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন দুই নেতা। নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

