মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে তাবাস্কোর এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে যায়। সূত্র: বিবিসি
বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। সংঘর্ষের পরপরই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোম্পানিটি জানিয়েছে, তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তাদের দাবি, দুর্ঘটনার সময় বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।
এদিকে, তাবাস্কো প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিহতদের শনাক্তের চেষ্টা চলছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ জানিয়েছেন, শনিবার রাতেই নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

