শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোস্টেলে দুই বিদেশি নারী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের রুমে ছিটানো কীটনাশকের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
শনিবার পুলিশ জানায়, অসুস্থতা বোধ করার পর দুই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক এবনি মেকিনটোশ এবং ২৬ বছর বয়সী জার্মান নাগরিক ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ডয়চে ভেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর আগে ব্রিটিশ নাগরিক মেকিনটোশ বমি করেছিলেন এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। ১ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, জার্মান নারী আরো কিছুদিন পর মৃত্যুবরণ করেন। তিনি এক জার্মান পুরুষের সঙ্গে একটি হোটেলে অবস্থান করছিলেন। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ৩০ জানুয়ারি ওই হোস্টেলের কক্ষ পরিষ্কারের সময় কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। কর্মকর্তারা খতিয়ে দেখছেন, বিষাক্ত ওই কীটনাশকের সঙ্গে দুই নারীর মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না। এছাড়া, খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এদিকে, এবনি মেকিনটোশের পরিবার শ্রীলংকায় গিয়ে তার মৃতদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেছে। গোফান্ডমি পাতায় এসংক্রান্ত পোস্টের লেখায় দেখা যায়, আমাদের তার সঙ্গে থাকা দরকার এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে৷

