নামিবিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা স্যাম নুজোমা ৯৫ বছর বয়সে মারা গেছেন। রাজধানী উইন্ডহোকে তার মৃত্যু হয় বলে দেশটির বর্তমান রাষ্ট্রপতি নাঙ্গোলো এমবুম্বা নিশ্চিত করেছেন।
স্যাম নুজোমা ১৯৬০-এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নামিবিয়ার স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন। দীর্ঘ লড়াইয়ের পর ১৯৯০ সালে দেশটি দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং নুজোমা প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রের শাসন পরিচালনা করেন।
রাষ্ট্রপতি এমবুম্বা এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠাতা নেতা স্যাম নুজোমা আর নেই। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ তিনি আরও বলেন, ‘নুজোমা আমাদের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দেশ গঠনে অনুপ্রেরণা জুগিয়েছেন।’
নুজোমা ২০০৫ সালে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর নিলেও ২০০৭ সাল পর্যন্ত ক্ষমতাসীন সোয়াপো দলের সভাপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান ধরে রাখে।
নুজোমার মৃত্যুতে নামিবিয়ার জনগণ গভীর শোক প্রকাশ করেছে। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং উন্নয়নে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

