ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কের যুদ্ধক্ষেত্রে আবারো দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি। এর আগে ব্যাপক প্রাণহানির কারণে গত মাসে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল।
শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়া ফের উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে এবং তারা নতুন করে আক্রমণ চালাচ্ছে। ইতোমধ্যে কুরস্কের যুদ্ধে হাজারো রুশ ও উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে। যদিও অঞ্চলটির কিছু অংশ এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’
এর আগে জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছিলেন, উত্তর কোরিয়া কুরস্কের যুদ্ধক্ষেত্রে ১১ হাজার সেনা পাঠিয়েছে, যাদের মধ্যে তিন মাসের ব্যবধানে অন্তত এক হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটেছে। কিছুদিন আগে কুরস্কে অবস্থানরত ইউক্রেনের বিশেষ বাহিনীর সদস্যরা জানান, টানা তিন সপ্তাহ সেখানে ইউক্রেনীয় সেনাদের দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বাহিনীর এক মুখপাত্র জানান, তারা নির্দিষ্ট এলাকায় উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি দেখতে পাননি, তবে অন্য এলাকায় কী ঘটছে, সে বিষয়ে নিশ্চিত নন।
এদিকে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, কুরস্কের যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্রের আক্রমণের মুখে অপ্রস্তুত হয়ে পড়েছিল। সাম্প্রতিক বেশ কয়েকটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর কুরস্কের যুদ্ধে সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, রাশিয়া উত্তর কোরিয়ার গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র ব্যবহার করছে।
এদিকে, প্রায় ছয় মাস আগে এক অভিযানে ইউক্রেনীয় সেনারা কুরস্কের এক হাজার কিলোমিটারের বেশি এলাকা দখলে নেয়। তবে রাশিয়ার পাল্টা আক্রমণে অঞ্চলটির সিংহভাগ পুনর্দখল করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স এর সূত্রে দেখা যায়, জেলেনস্কি শুক্রবার এক সাক্ষাৎকারে জানান- বৃহস্পতিবার নতুন অভিযানে কুরস্কের প্রায় আড়াই কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
অন্যদিকে, রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করেছে।

