লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের মরুভূমি থেকে দুটি পৃথক গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে প্রায় ৫০ জন অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ার মধ্য দিয়ে পাড়ি জমাতে চেয়েছিলেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার দক্ষিণ-পূর্বের কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে এসব মরদেহের ময়নাতদন্ত চলছে।
কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানান, শহরটির একটি বন্দিশিবিরে অভিযান চালানোর সময় আরও একটি গণকবরের সন্ধান মেলে। সেখান থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, ওই কবরস্থানে প্রায় ৭০ জনকে মাটিচাপা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
অভিবাসন ও শরণার্থী সহায়তাকারী স্থানীয় দাতব্য সংস্থা আল-আবরিন জানিয়েছে, গণকবরে পাওয়া মরদেহগুলোর মধ্যে কিছু কিছু ব্যক্তিকে মাটিচাপা দেওয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছিল।
লিবিয়ায় গণকবরের সন্ধান পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালে রাজধানী ত্রিপোলির দক্ষিণের শুয়ারিফ অঞ্চলে একটি গণকবর থেকে অন্তত ৬৫ জন অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার পথ হিসেবে লিবিয়া দীর্ঘদিন ধরে অভিবাসনপ্রত্যাশীদের কাছে গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে মানব পাচার চক্র সক্রিয়ভাবে কাজ করছে। চাদ, নাইজার, সুদান, মিসর, আলজেরিয়া ও তিউনিসিয়াসহ ছয়টি দেশের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা বিরাজ করছে, যা পাচারকারীদের কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখছে।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা নিয়মিতভাবে লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীদের উপর চলমান নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। মানব পাচারের শিকার ব্যক্তিরা লিবিয়ায় বন্দিশিবিরে আটকে পড়লে তারা জোরপূর্বক শ্রম, নির্যাতন, ধর্ষণ এবং চাঁদাবাজির শিকার হন।
উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটোর সহায়তাপুষ্ট গণঅভ্যুত্থানে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি অস্থিরতায় রয়েছে। বর্তমানে উত্তর আফ্রিকার এই দেশটিতে দুটি প্রতিদ্বন্দ্বী সরকার ক্ষমতার লড়াইয়ে লিপ্ত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

