মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘মানুষের মৃত্যু বন্ধ হোক, এটা তিনি (পুতিন) দেখতে চান।’ সূত্র: নিউইয়র্ক পোস্ট
তবে দুই নেতার মধ্যে এই আলাপ কবে হয়েছে, ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তারা কথা বলেছেন কি না বা কতবার কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, বিষয়টি জানতে সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যোগাযোগ করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তিনি এই তথ্য অস্বীকার করছেন না, তবে নিশ্চিতও করছেন না। পেসকভ আরো বলেন, ট্রাম্প প্রশাসনের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ও মস্কো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসান হবে। এর পূর্বে তিনি দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি চাই যুদ্ধ দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ইউক্রেনে এই যুদ্ধ ভয়াবহ। আমি এর ইতি টানতে চাই।’ তিনি আরো জানান, যুদ্ধ বন্ধের আলোচনা অনেক দূর এগিয়েছে।
আরো দেখা যায়, শুক্রবার ফ্লোরিডা যাওয়ার পথে এক সাক্ষাৎকারে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে বৈঠকের আয়োজন করার নির্দেশ দেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি আসন্ন সপ্তাহে ‘সম্ভবত’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পুতিনের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে।
জেলেনস্কি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগও এই সম্মেলনে অংশ নেবেন। তবে ট্রাম্প এতে উপস্থিত থাকবেন না।
এদিকে, ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে দেশটির বিরল খনিজ সম্পদের ওপর প্রবেশাধিকার নিশ্চিত করতে চান। তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করার কথা ভাবছি, যেখানে তারা আমাদের দেওয়া সহায়তার বিনিময়ে তাদের বিরল খনিজ ও অন্যান্য সম্পদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইউরোপ ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের মতো পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না।
এ বিষয়ে ক্রেমলিন জানায়, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়ে এখনো কোনো গুরুতর আলোচনা হয়নি। পেসকভ বলেন, ‘তারা এখনো এই বিষয়ে প্রাথমিক কোনো যোগাযোগ করেননি। বৈঠকের প্রয়োজন আছে কি না, থাকলে কবে এবং কীভাবে হবে, সে সম্পর্কেও কিছু আলোচনা হয়নি।’
তবে, দুই নেতার মধ্যে যোগাযোগের সম্ভাবনা নিয়ে গুঞ্জন বেড়েছে। এক শীর্ষ রুশ আইনপ্রণেতা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি বৈঠকের জন্য ‘উন্নত পর্যায়ের’ প্রস্তুতি চলছে, যা সম্ভবত এই মাসেই হতে পারে।

