ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ন্যাক্কারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গাজাকে কিনে নিয়ে তার মালিকানা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘গাজা উপত্যকাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে দেখতে হবে এবং এটি পুনর্নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও দায়িত্ব নিতে হতে পারে।’
ট্রাম্প আরও বলেন, ‘গাজার পুনর্নির্মাণে সহায়তা প্রদান করতে চাইলে, আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর অংশীদার হতে বলব।’ তার মতে, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার মালিকানা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এদিকে, গাজার ক্ষমতাসীন সংগঠন হামাস এই মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশেক বলেন, ‘গাজা কোনো সম্পত্তি নয় যা কেনা-বেচা করা যায়। এটি আমাদের ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনি সমস্যাকে রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো মানসিকতায় মোকাবেলা করা ব্যর্থতারই পথ তৈরি করবে।’
গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজাকে দখল করে পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যা ব্যাপকভাবে সমালোচিত হয়।

