ট্রাম্প বলেন, ‘এই শুল্কটি যুক্তরাষ্ট্রে আগত সব ধরনের ইস্পাতের উপর প্রযোজ্য হবে এবং এটি অ্যালুমিনিয়ামের ওপরও প্রভাব ফেলবে।’ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি এমনই কিছু শুল্ক আরোপ করেছিলেন, যা যুক্তরাষ্ট্রের শিল্পগুলিকে রক্ষা করার জন্য এশিয়া ও ইউরোপীয় দেশগুলির প্রতি প্রতিযোগিতামূলক অনৈতিকতার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ছিল। সূত্র: এয়ার ফোর্স ওয়ান
মার্কিন বাণিজ্য তথ্য অনুযায়ী, কানাডা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির সবচেয়ে বড় উৎস, এবং ট্রাম্প ইতিমধ্যেই তাদের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ব্রাজিল, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া এর অন্যান্য প্রধান সরবরাহকারী দেশ।
এদিন- রিপাবলিকান বিলিয়নিয়ার বলেন, ‘আমরা অন্যান্য দেশগুলির আরোপিত শুল্কের প্রতিক্রিয়া হিসেবে ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করতে যাচ্ছি।’
তিনি আরো জানান, শুল্কের বিস্তারিত ঘোষণা তিনি সোমবার বা বুধবার দেবেন।
ট্রাম্প এর পূর্বে চীন, মেক্সিকো এবং কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। মেক্সিকো ও কানাডার সঙ্গে ফেন্টানাইল মাদক এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সমঝোতার পর ২৫% শুল্ক এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল।
তবে চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ অব্যাহত রয়েছে। সোমবার থেকে চীনের পণ্যে ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বেইজিং মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ট্রাম্পের শুল্ক নীতির আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শুল্ক আরোপের পরিকল্পনা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের এই আর্থিক হুমকির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইউরোপের বিরুদ্ধে কোনও শুল্ক আরোপ হলে তার প্রভাব মার্কিন জনগণের ওপর পড়বে, যা খরচ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি করবে।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে বৈঠকে ট্রাম্প সতর্ক করেছেন যে, যদি জাপান মার্কিন বাণিজ্য ঘাটতি শূন্যে নামাতে ব্যর্থ হয়, তবে তাদের রপ্তানি পণ্যে শুল্ক আরোপ করা হতে পারে।
মার্কিন অর্থনীতি গত বছর প্রায় ৯২০ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতিতে ছিল, যা ট্রাম্পের “নতুন স্বর্ণযুগ” ঘোষণার চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

