সোমালিয়ার হর্ন উপকূলের কাছে সন্দেহভাজন জলদস্যুরা ইয়েমেনের একটি মাছ ধরার নৌকা ছিনতাই করেছে। সোমবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউরোপীয় নৌবাহিনী ‘ইউন্যাভফর আটালান্টা’ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, সোমালিয়ার আইল শহরের উপকূলে ঐতিহ্যবাহী ‘ডাও’ নৌকাটিকে জলদস্যুরা আক্রমণ করে।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলাকারীরা তিনটি ছোট নৌকা ও ৬০-হর্সপাওয়ার ইঞ্জিন লুট করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, সন্দেহভাজন জলদস্যুদের একটি দলকে আইলের উপকূল থেকে যাত্রা করতে দেখা গেছে।
এক সময় সোমালিয়া উপকূলে জলদস্যুতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। ২০১১ সালে সেখানে ২৩৭টি জলদস্যু হামলার ঘটনা রেকর্ড করা হয়েছিল। ওই সময় জলদস্যুদের তৎপরতা বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৭ বিলিয়ন ডলারের ক্ষতি সাধন করেছিল এবং মুক্তিপণ হিসেবে পরিশোধ করা হয়েছিল ১৬০ মিলিয়ন ডলার।
পরবর্তীতে আন্তর্জাতিক নৌ টহল জোরদার করা, সোমালিয়ায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফলে জলদস্যুতা অনেকটাই হ্রাস পায়।
তবে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা রেড সি করিডরে হামলার কারণে এই অঞ্চলে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। এতে সোমালি জলদস্যুদের কার্যক্রম আবারও বাড়ছে।
২০২৩ সালের মার্চে সোমালিয়া উপকূলে ২৩ নাবিকসহ বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে। প্রায় ৩২ দিন পর মুক্তিপণ পরিশোধের মাধ্যমে জাহাজটি মুক্তি পায়।
আন্তর্জাতিক সামুদ্রিক ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সোমালিয়া উপকূলে সাতটি জলদস্যু হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

