গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে। এখন পর্যন্ত ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে যখন বাসটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে যাত্রা করে এবং ব্যস্ত সড়ক পাড়ি দেওয়ার সময় পুয়েন্তে বেলিস এলাকায় সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফায়ার সার্ভিসের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা হতাহতদের সরিয়ে নিচ্ছেন। দুর্ঘটনায় বিধ্বস্ত বাসটি উল্টে পড়ে রয়েছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট আরেভালো বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের এই শোক আমাদের সবার।’
গুয়াতেমালার কংগ্রেসের প্রেসিডেন্ট এ ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে বলেন, ‘চার ডজনেরও বেশি নাগরিক তাদের দৈনন্দিন জীবিকার সন্ধানে বেরিয়ে প্রাণ হারিয়েছেন।’
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

