ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হামাসকে গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে, অন্যথায় তিনি যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন এবং গাজায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জিম্মি মুক্তির বিষয়ে হামাসের ঘোষণায় তিনি অসন্তুষ্ট। তিনি স্পষ্টভাবে জানান, শনিবার দুপুর ১২টার মধ্যে যদি সব জিম্মি মুক্ত না করা হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার আহ্বান জানান।
ট্রাম্প বলেন, ‘আমি চাই বন্দিদের একসঙ্গে মুক্ত করা হোক, ধাপে ধাপে নয়। আমাদের সবার উচিত তাদের দ্রুত ফিরিয়ে আনা।’
এদিকে, সম্প্রতি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজার ২২ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসনের প্রস্তাব দেন। তিনি গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান।
ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি জর্ডান ও মিশরের সঙ্গে একটি চুক্তি করতে চান যাতে তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করে। তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তার বিষয়টি উল্লেখ করে বলেন, এই চুক্তিতে অংশগ্রহণ করা তাদের জন্য উপকারী হবে।
তবে, মিশর ও জর্ডান মনে করে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তরের যে কোনো উদ্যোগ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘না, তাদের তা থাকবে না, কারণ তারা আরও ভালো আবাসন পাবে।’
তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য দুটি থেকে ছয়টি নতুন সম্প্রদায় গড়ে তোলা হতে পারে, যেগুলো নিরাপদ স্থানে অবস্থিত হবে। তিনি এ প্রকল্পের জন্য বিশেষ পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, যদি জর্ডান ও মিশর গাজা থেকে পুনর্বাসিত ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের জন্য দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করে দিতে পারে।
এদিকে, আজ মঙ্গলবার জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে, যেখানে এই বিষয়টি আলোচনায় আসতে পারে।

