মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের একদিন পরই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) মহাপরিদর্শক পল মার্টিনকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউএসএআইডির এক কর্মকর্তা জানিয়েছেন, মহাপরিদর্শকের দপ্তর থেকে সংস্থাটিকে বিলুপ্ত করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের পরদিনই পল মার্টিনকে বরখাস্ত করা হয়।
প্রতিবেদনে কী ছিল? সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ইউএসএআইডির সক্ষমতাকে ব্যাহত করেছে। বিশেষ করে, পররাষ্ট্র দপ্তরের বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত এবং ইউএসএআইডির কর্মী সংখ্যা কমানোর ফলে সংস্থাটির অনুমোদিত ৮.২ বিলিয়ন ডলার মানবিক সহায়তার অর্থ যথাযথভাবে বিতরণ করা সম্ভব হয়নি। এতে বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমে জটিলতা ও সংকট তৈরি হয়েছে।
বরখাস্তের ঘোষণা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের ডেপুটি ডিরেক্টর ট্রেন্ট মোর্সের পাঠানো ইমেইলে মার্টিনের বরখাস্তের বিষয়টি জানানো হয়। ইমেইলে উল্লেখ করা হয়, ‘আপনাকে ইউএসএআইডির মহাপরিদর্শকের পদ থেকে অপসারণ করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।’ তবে বরখাস্তের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএসএআইডির কার্যক্রম নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এক নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ করেন। এমনকি চলতি মাসের শুরুতে ইউএসএআইডির অফিশিয়াল ওয়েবসাইটও অকার্যকর হয়ে যায়।
ইলন মাস্কের সমালোচনা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক ইউএসএআইডির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি সংস্থাটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় বিনিয়োগ করেছে ইউএসএআইডি, যার ফলে কোভিড-১৯ এর মতো মহামারি সৃষ্টি হয়েছে।’ তিনি আরও বলেন, সংস্থাটি ‘প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে’ এবং সময় এসেছে এটি বিলুপ্ত করার।
আদালতের হস্তক্ষেপ এদিকে, ইউএসএআইডির ব্যাপক কর্মী ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে আদালতে মামলা হলে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস ৭ ফেব্রুয়ারি এক আদেশে ছাঁটাই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেন। এর ফলে প্রায় ২,৭০০ ইউএসএআইডি কর্মীকে ফের কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
আদালতের আদেশের ফলে ইতোমধ্যে ৫০০ কর্মী পুনর্বহাল হয়েছেন এবং ২,২০০ কর্মী সবেতন ছুটিতে থাকা অবস্থায় কাজে ফিরতে পারবেন। এছাড়া, যেসব কর্মী যুক্তরাষ্ট্রের বাইরে মানবিক সহায়তা কার্যক্রমে নিযুক্ত ছিলেন, তাদেরও ট্রাম্প প্রশাসন স্থানান্তর করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা অব্যাহত থাকবে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার তথ্য অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ১৮০টি দেশে ৭,২০০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই সহায়তার পর্যালোচনা ৮৫ দিনের মধ্যে সম্পন্ন হবে এবং তা নিশ্চিত করবে যে সব সাহায্য মার্কিন স্বার্থ রক্ষা করছে। তবে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। বিশেষত, গাজা ও অন্যান্য খাদ্য সংকটপূর্ণ অঞ্চলে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

