অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালের দুই নার্সকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি রোগীদের চিকিৎসা না করা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুসারে দেখা যায়, ইসরায়েলি কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স ভাইফার এক ভিডিও প্রকাশ করেন, যেখানে নিউ সাউথ ওয়েলসের একটি হাসপাতালের দুই কর্মী অনলাইনে আলোচনায় অংশ নেন। আলোচনার সময় ভাইফার যখন নিজের ইসরায়েলি পরিচয় দেন, তখন এক ব্যক্তি তাকে বলেন, “আমি খুবই হতাশ যে তুমি ইসরায়েলি। শেষ পর্যন্ত, তোমরা সবাই মরবে এবং জাহান্নামে যাবে।”
পাশে থাকা এক নারীকর্মী তখন বলেন, “আমি ইসরায়েলি রোগীদের চিকিৎসা করব না, আমি তাদের হত্যা করব।” এরপর অপর পুরুষ কর্মী যোগ করেন, “তুমি জানো না কত ইসরায়েলি এখানে এসেছে, আমি তাদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ ঘটনাকে ‘বীভৎস ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক ভিডিওটি ‘জঘন্য, নিকৃষ্ট ও ভয়ংকর’ আখ্যা দিয়ে বলেন, “এই ধরনের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। তারা যখন রোগীদের সেবা দেওয়ার দায়িত্বে ছিলেন, তখনই এসব বলেছেন।” তিনি নিশ্চিত করেন, বরখাস্ত হওয়া দুজনই ব্যাংকস্টাউন হাসপাতালের নার্স।

