তাইওয়ান প্রণালিতে দুইটি মার্কিন নৌযান প্রবেশ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের দুটি জাহাজ- আর্লে বার্ক-ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ- ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র, নৌবাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমের বলেন, ‘জাহাজ দুটি কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমার বাইরে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে ট্রানজিট হিসেবে প্রণালি অতিক্রম করেছে।’
চীনের সামরিক বাহিনী এ ঘটনায় নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, ‘এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দেয় এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তোলে।’
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন জাহাজ প্রবেশের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা বিষয়টির ওপর সতর্ক দৃষ্টি রাখছে। পাশাপাশি, চীনের সামরিক তৎপরতারও নজরদারি করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্প্রতি চীনের ৩৯টি যুদ্ধবিমান ও ৭টি নৌযান শনাক্ত করেছে, যা তাইওয়ানের চারপাশে সক্রিয় ছিল।

