দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে (বৃহস্পতিবার) ভোরে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেন তিনি। সফরকালে তার সঙ্গে রয়েছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সূত্র: সামা টিভি
বিমানবন্দরে প্রেসিডেন্ট এরদোগানকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফার্স্ট লেডি আসিফা ভুট্টো, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তুরস্কের প্রেসিডেন্টের সম্মানে ২১ বার তোপধ্বনি প্রদান করা হয়।
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সময় এরদোগানের বিমানকে এসকর্ট করে দেশটির বিমান বাহিনীর জেট ফাইটার। বিমানবন্দরে দুই শিশু ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী- তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানকে ফুলের তোড়া উপহার দেন। এসময় সামরিক ব্যান্ডের পরিবেশনা এবং শিশুদের হাতে পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকা দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হয়ে ওঠে।
সফরসূচির অংশ হিসেবে প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। সফরের মূল অংশ হিসেবে উভয় নেতা পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এছাড়া, প্রেসিডেন্ট এরদোগান পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি পাকিস্তান-তুরস্ক বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে ভাষণ দেবেন, যেখানে উভয় দেশের শীর্ষ বিনিয়োগকারী, করপোরেট সংস্থা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এইচএলএসসিসি হলো পাকিস্তান ও তুরস্কের মধ্যে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী প্ল্যাটফর্ম, যা কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে এবং যৌথ কমিটিগুলোর কার্যক্রম তদারকি করে। এটি বাণিজ্য, বিনিয়োগ, ব্যাংকিং, সংস্কৃতি, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
এর আগে ছয়টি এইচএলএসসিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠক ২০২০ সালের ১৩-১৪ ফেব্রুয়ারি ইসলামাবাদে আয়োজিত হয়েছিল।

