মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার পর তুলসী গ্যাবার্ড এখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দেশটির স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে ৫২-৪৮ ভোটে তার মনোনয়ন চূড়ান্ত হয়। সূত্র: আল-জাজিরা ও বিবিসি
তুলসী গ্যাবার্ড দীর্ঘদিন ধরেই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন। বিশেষ করে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। ২০২১ সালে দুর্গাপূজা চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের মন্দিরে ভক্তদের ওপর ঘৃণা ও সহিংসতার ঘটনায় আমি মর্মাহত। যারা মনে করে মন্দির ও মূর্তি ধ্বংস করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, তারা আসলে ঈশ্বর থেকে অনেক দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারকে এখনই সংখ্যালঘু হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এর পূর্বে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে হিন্দুদের উপর চালানো নিপীড়নের বিষয়েও তিনি সরব হয়েছিলেন।
গ্যাবার্ড মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু সদস্য। তিনি ১৯৮১ সালে মার্কিন সামোয়ায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে পরিবারসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার মা ক্যারল গ্যাবার্ড হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, যার প্রভাব তুলসীর জীবনযাত্রায় গভীরভাবে পড়েছে।

