ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পূর্বনির্ধারিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকেরা। বুধবারের এ ব্যর্থতার কারণ হিসেবে সংস্থাটি সেখানে চলমান সামরিক তৎপরতাকে দায়ী করেছে।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রসি এক বিবৃতিতে জানিয়েছেন, পারমাণবিক কেন্দ্রটিতে তাঁদের কর্মীদের নির্ধারিত কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
তবে এ পরিস্থিতির জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী না করে তিনি বলেন, ‘আমাদের কর্মীদের এভাবে অনিরাপদ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সংস্থাটির পর্যবেক্ষণ কার্যক্রম বাতিলের ঘটনায় রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করেছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আইএইএর কর্মীদের চলাচল ব্যাহত করেছে।
রাশিয়া-নিযুক্ত গভর্নর ইয়েভজেনি বালিৎস্কি দাবি করেছেন, ইউক্রেনের চালানো ড্রোন হামলার ধ্বংসাবশেষ পারমাণবিক কেন্দ্রের একটি চুল্লির মাত্র ৩০০ মিটারের মধ্যে পড়েছে।
অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওরাই তাইখাই অভিযোগ করেছেন, রাশিয়াই পরিকল্পিতভাবে আইএইএর কার্যক্রম ব্যাহত করেছে। তাঁর দাবি, নিরাপদ চলাচলের প্রতিশ্রুতি দেওয়ার পরও পরিদর্শন শুরুর এক ঘণ্টা আগে রাশিয়া সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র জাপোরিঝঝিয়া ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই পাল্টাপাল্টি অভিযোগ চলছে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের সব পারমাণবিক কেন্দ্রে আইএইএর পর্যবেক্ষক দল নিযুক্ত রয়েছে। সংস্থাটির মহাপরিচালক গ্রসি জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আইএইএর কার্যক্রম নির্বিঘ্ন করতে দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাবেন তিনি।

