মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে আবারও জি৭ জোটে ফিরিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নতুন শুল্ক ঘোষণা করার সময় তিনি বলেন, মস্কোকে বহিষ্কার করা ছিল একটি ভুল সিদ্ধান্ত।
একসময় শিল্পোন্নত দেশগুলোর এই জোটটি জি৮ নামে পরিচিত ছিল, যেখানে রাশিয়া ছিল অন্যতম সদস্য। তবে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে জোট থেকে বাদ দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি রাশিয়াকে ফিরিয়ে আনতে চাই। তাদের বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল না।’
ট্রাম্পের মতে, বিষয়টি রাশিয়াকে পছন্দ বা অপছন্দ করার প্রশ্ন নয় বরং কৌশলগত আলোচনা এবং বৈশ্বিক ভারসাম্যের স্বার্থেই রাশিয়ার আলোচনার টেবিলে থাকা উচিত। তিনি আরও বলেন, ‘আমি জি৭ নেতাদের বলেছিলাম, তোমরা কী করছ? তোমরা সবাই শুধু রাশিয়ার কথাই বলছ। তাহলে তাদের আলোচনায় রাখাই ভালো। আমার বিশ্বাস, পুতিন ফিরে আসতে চাইবেন।’
এই বছর কানাডা জি৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কানাডা এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

